কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী মার্চেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। গতকাল শনিবার দুপুরে কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবনের অরিজিনাল ব্লু-প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। সেটা অনুসারে সংসদ ভবন এলাকায় যা থাকার কথা তা থাকবে। যা থাকার কথা নয় তা থাকবে না।
উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে যদি কেউ না আসে তবে নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন অংশগ্রহণ মূলক হবে বলেও তিনি জানান।
নবীন বরণে কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মুরাদ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ারা হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
