সমাধিতে একটি ফুল

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২০:৫১

পিতা!

এই একটি ফুল তবে থাক তোমার শোভিত সমাধির বুকে

তোমার বেহেস্ত

তোমার নিষ্পাপ শরীর

কফিনখানি আবৃত যেন শাদা পুণ্যে।

 

পিতা!

জগত দেখুক তোমার হূিপণ্ডে সমস্ত রক্তের স্রোতে

ওই ফুলের মতোই অনাবৃত দেশপ্রেম, তবে

তোমার ব্যক্তিক দুঃখগুলো কালান্তরে ঘন হয়ে থাকে বন্দি

 আমাদের মনের সিন্দুকে

এবং তোমার বক্তৃতা, কণ্ঠস্বর বিস্তৃত স্বাধীন বলে

কথা ও শব্দেরা যেন ফুলের পাপড়ির মতোই

                                    ছড়ানো সবদিকে

এইসব স্মৃতি থাক একটি ফুলে প্রস্ফুটিত চিহ্ন হয়ে।

 

পিতা!

এই ফুল থাক বাঙালির অনন্ত ভালোবাসার অর্ঘ্য হয়ে

এটি রয়ে যাক সত্য-সুন্দরের শাশ্বত প্রতীক হয়ে -

 আনত শ্রদ্ধায় নিবেদিত,

এই ফুল থাক উজ্জ্বল অক্ষয় হয়ে চিরকাল,

এটি থাক সময়ের বারতা বাহক হয়ে -

থাক যুগ-যুগান্তর বহুকাল !

 

পিতা !

অন্তরে অন্তরে ব্যাপ্ত থাক তোমারই অমরত্ব

তোমারই জপনাম মুখে মুখে সুমহান প্রাণ

থাকে প্রোথিত গ্রন্থিত বীজমন্ত্র হয়ে এই ভূমিতে-বেদিতে

এটা সার্বভৌম ভূমি

এটা একটি মানচিত্র

এখানেই আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার, আর

একটি পতাকায় ওইসব চিহ্ন - তোমারই

                          এনে দেয়া স্বাধীনতা

এবং তোমার মতই সাহসিরা থাকে চিরঞ্জীব !

 

পিতা!

এই ফুলে রয়ে যাক

তোমার উদ্দীপ্ত তর্জনীর বরাভয়

তোমারই প্রাণিত প্রফুল্ল ঘ্রাণ এই ফুলে থাক এবং

মুক্তি ও স্বাধীনতার বাণী বয়ে বেড়াবে সর্বত্র

                      আকাশে বাতাসে চিরদিন!

থাকবে আলোয় আলোয় দেদীপ্যমান

এই সমাধিতে লেখা রবে একটি নাম

-শেখ মুজিবুর রহমান ?