তোমার বসন্ত

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২০:৫২

ফাগুন লেগেছে খুব!

তোমার বসন্ত শিমুলের গ্রামে হোক-

বহুদূর ভোরশেষে কোকিলের দেশে

ভ্রমরের পাশে যদি আর ফুল ফোটে-

ঝিল্লিদের কান্না যদি সুর হয় হেসে...

বাতাস জেগেছে খুব-

তোমার বসন্ত বাতাসের দেশে হোক-

বাতাসের বাক যেখানে উদাত্ত খুব;

পাখিদের বাক ফোটায় যেখানে ফুল-

ফুলেদের গন্ধে যেখানে পৃথিবী চুপ...

জীবন জেনেছে খুব-

তোমার বসন্ত শিমুলের দেশে নাই,

কণ্ঠকাটা পাখি, বুড়োদের খেলনা তুমি;

তোমাকে ভ্রমর বলে অট্টহাসে ফুল,

বাকপ্রতিবন্ধী পলাতক ঝিল্লি তুমি-

তোমার বসন্তে কাঁদে স্বাধীন স্বভূমি!