নির্মোহ একটি সূর্য-সকাল আমি উদিত বাংলায়।
অকৃত্রিম হূদয়-গহ্বরে সতৃষ্ণ সমুদ্র একদা অস্থির
অবরুদ্ধ, শৃঙ্খলিত, বুভুক্ষু সংগ্রামে তড়পাচ্ছিল—
না-পাই কিনারা-কূল, না-পাই জন্ম-চিত্কার—
অথচ সেদিন আমার ভূমিষ্ঠ হওয়া ভীষণ
জরুরি ছিল
অগণিত হারানোর ব্যথা আর বিদগ্ধ
মৃত্তিকার ক্রন্দনে
আমি জ্বলে উঠেছিলাম গর্ভস্থ আগুন
এবং যত হত্যাযজ্ঞ, প্রকাশ্য নিপীড়ন,
ঘৃণ্য বলাত্কার
ছারখার করে এসেছিলাম চলমান শান্তি হয়ে।
তারপর কত ঝঞ্ঝা, কত শঙ্কা,
কত উথালপাথাল ঢেউ
সবকিছু অতিক্রম করে আজ আমার পঞ্চাশ
এখন উন্মত্ত হাওয়ার মতো হাসি
আর সেই হাসিতে তুমি উচ্ছ্বসিত হও,
আনন্দ পাও
গলা ছেড়ে গাও, নির্বিঘ্নে বলো প্রাণ খুলে কথা—
তোমার পতাকা আমি, আমি স্বাধীনতা।
