বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর আহ্বান

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:২৪

কানাডা প্রতিনিধি

কানাডার টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈমউদ্দিন আহমেদ ২৩ জানুয়ারি অন্টারিওর লেফটেন্যান্ট গভর্নর এলিজাবেথ ডাউডস ওয়েলের সাথে তার কুইন পার্কস্থ কার্যালয়ে সাক্ষাত্ করেন।

কনসাল জেনারেল এক বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধুর একজন স্বঘোষিত খুনি নূর চৌধুরী টরন্টোতে বসবাস করছে। নূর চৌধুরী ও তার দোসররা ইতিহাসের নিকৃষ্টতম মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। তিনি আরো জানান, বাংলাদেশের জনগণ চায় জাতির পিতার হত্যাকারী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে নিয়ে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হোক। কনসাল জেনারেল লেফটেন্যান্ট গভর্নরকে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান। নাঈমউদ্দিন ইত্তেফাককে ফোনে জানান, তিনি সাক্ষাতের সময় লেফটেন্যান্ট গভর্নরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আলোচনাকালে কনসাল জেনারেল উল্লেখ করেন, বর্তমান সরকার কানাডার সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব প্রদান করে।