ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:২৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবার সালদানদী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫০নং পিলারের পাশ দিয়ে শুক্রবার গভীর রাতে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নয়জনকে আটক করেছে ৬০ বিজিবির সালদা ক্যাম্পের জোয়ানরা। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। শনিবার তাদের কসবা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, ব্রা?হ্মণবাড়িয়ার কসবা উপজেলার মো.খোকন মিয়া, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের হরিকান্ত দাস, তার স্ত্রী জয়ধনী দাস, একই উপজেলার মুরাদপুর গ্রামের দেবীচরণ দাস, তার স্ত্রী পার্বতী দাস ও  মেয়ে রুপালী দাস। সালদা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. আবদুর রহিম বাদী হয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা যাওয়ার অপরাধে মামলা করেন।

কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মালেক বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নয় বাংলাদেশিকে আটক করা হলেও তাদের মধ্যে তিন শিশু থাকায় ছয়জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন বিজিবি।