তৃতীয় বাংলাদেশি হিসেবে কুইন’স কাউন্সিল হলেন মোজাম্মেল হোসাইন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

তৃতীয় বাংলাদেশি হিসেবে কুইন’স কাউন্সিল (কিউসি) হওয়ার গৌরব অর্জন করেছেন মোজাম্মেল হোসাইন অরুন। আগামী ১১ মার্চ হাউস অব পার্লামেন্টের ওয়েস্টমিনিস্টার হলে কিউসি হিসেবে তার শপথ গ্রহণের কথা রয়েছে। এর আগে আরো দুই ব্রিটিশ-বাংলাদেশি কিউসি হলেও ফৌজদারি আইনে প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে মোজাম্মেল হোসাইনই প্রথম।

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিভারপুল থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন। তিনি সোসাইটি অব ইনার টেম্পলের মাধ্যমে ব্রিটিশ বার এট ল’ করেন। বিদেশি ছাত্রদের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি ইনস কোর্ট স্কুল অব ল’র (আইসি এসএল) স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হন।

তরুণ মোজাম্মেলের কিউসি হওয়াটা অপ্রত্যাশিত ছিল না। ডায়নামিক অ্যাডভোকেটশিপ স্টাইলের কারণে ব্রিটিশ আইন মহলে তার সুনাম রয়েছে। কোর্ট অব আপিল ব্যারিস্টার মোজাম্মেলকে ‘গ্রেট ইলোকুয়েন্স’ হিসেবে অভিহিত করেছে। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অনেক ফৌজদারি মামলা পরিচালনায় যুক্ত ছিলেন। বিখ্যাত ব্যারিস্টার মাইকেল ম্যানফিল্ড কিউসি, মোজাম্মেল হোসাইনের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে বার এ তার মতো মেধাবী ব্যারিস্টার অপ্রতুল। বিচক্ষণতা, স্টাইল, সুন্দর বাচনভঙ্গি ও রসবোধ এবং মুগ্ধতা ছড়ানোর অপূর্ব দক্ষতার মাধ্যমে অন্যদের থেকে অনেক এগিয়ে মোজাম্মেল।

ব্যারিস্টার মোজাম্মেল হোসাইন বরিশালে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই মকবুল হোসাইন একজন বীর মুক্তিযোদ্ধা। অন্য এক ভাই যুক্তরাজ্যের কনসালট্যান্ট সার্জন এবং অপরজন বাংলাদেশে চার্টার্ড একাউন্ট্যান্ট।