আমাদের লেখায় প্রচলিত ভুল

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২০:৫৮

মো. রহমত উল্লাহ্

আমাদের বাংলা লেখায় প্রচলিত ভুলের সংখ্যা অনেক। প্রতিনিয়ত এসকল ভুল দেখে দেখে আমরা এতটাই অভ্যস্ত যে, অনেকেই মনে করি, ভুলটাই সঠিক। তাই নিজেরাও করে থাকি সেই ভুল। অথচ এসব সাধারণ ভুলের অধিকাংশ পরিহার করে শুদ্ধভাবে লেখার জন্য খুব বেশি জটিল ব্যাকরণ জানার ও প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা নিয়ে সামান্য সচেতন হলেই যথেষ্ট। এমন কিছু প্রচলিত ভুল নিয়ে এই আলোচনা। আজকের বিষয়:স্বাগতম নাকি স্বাগত?

‘ঢাকা বিভাগে স্বাগতম, নরসিংদী জেলায় স্বাগতম, শিবপুর উপজেলায় স্বাগতম... ‘স্বাগতম’ এভাবে লেখা পাকা বোর্ড আমরা দেখতে পাই সারা দেশের সড়ক/ মহাসড়কেই। তাছাড়া... এর আগমন শুভেচ্ছা স্বাগতম ...আয়োজনে স্বাগতম,...স্বাগতম’ এরকম অনেক ‘স্বাগতম’ লেখা প্রতিনিয়ত আমরা দেখতে পাই ফেসবুকে, ব্যানারে, কার্ড/পত্রে, বিজ্ঞাপনে ও অন্যান্য স্থানে। অনেক কল সেন্টারে ফোন করলেও আমরা শুনতে পাই ‘স্বাগতম’! এমনকি অনেক শিক্ষকও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে থাকেন ও লিখে থাকেন ‘স্বাগতম’! কেউ কেউ আরো একটু বাড়িয়ে লিখেন ‘সুস্বাগত’ বা ‘সুস্বাগতম’। প্রায় সর্বত্র এসব দেখেশুনে আমরা ও আমাদের শিক্ষার্থীরা কীভাবে জানবে যে, ‘স্বাগতম’ ‘সুস্বাগত’ ‘সুস্বাগতম’ বলে কোন শব্দই নেই?

আসলে শুদ্ধ শব্দটি হচ্ছে ‘স্বাগত’।

ইংরেজিতে Welcome. বাংলা অর্থ: শুভাগত (সু + আগত) বা শুভাগমন। অর্থাত্ স্বাগত এর সাথে ‘সু’ যুক্ত আছে। স্বাগত মানে অতিথিদের অভ্যর্থনা। স্বাগত ভাষণ মানে অতিথিদের অভ্যর্থনা জানিয়ে ভাষণ। সুতরাং Welcome বোঝানোর জন্য স্বাগতম নয়, সুস্বাগত নয়, সুস্বাগতম নয়; লিখতে/বলতে হবে ‘স্বাগত, স্বাগত, স্বাগত’।

লেখক:অধ্যক্ষ -কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ ঢাকা।