ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে মাহি সরকারসহ চারজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় কালো রংয়ের একটি প্রাইভেট কারও পুলিশ জব্ধ করে।
আটক অন্য যুবকরা হলেন— বিয়াল্লিশ্বর এলাকার আল আমিন (২৫), বাগানবাড়ির আজহার আলী (১৯) ও ঘাটুরার রাসেল সরকার (২১)।
আখাউড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে পৌরশহরের মসজিদ পাড়া এলাকায় কালো রংয়ের ওই প্রাইভেট কারে চার যুবককে দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদেরকে ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে এবং প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মসজিদ পাড়ার বাসিন্দা মো. জসিম বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে কালো রংয়ের প্রাইভেট কারে চার যুবককে দেখে সন্দেহ হয়। এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা এলোমেলো কথা বলে। এক পর্যায়ে এক যুবক উত্তেজিত হয়ে পিস্তল বের করে। আমি চিত্কার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। স্থানীয়রা এসে তাদের ঘেরাও করে থানায় খবর দেয়। আখাউড়া থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। শনিবার বিকালে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
