ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার সকালে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘স্বাধীনতার ৪০ বছর পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। ভবিষ্যতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব দুর্নীতিবাজদের বিচার করা হবে। মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক দুর্নীতিমুক্ত দেশ গড়ার। দুর্নীতিকে না বলে সোনার দেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
এর আগে এমপি নিক্সন চৌধুরী প্রশাসন ও রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের নানা কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা করিম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন প্রমুখ।
