মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৬ গ্রামবাসী আহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় পুলিশের ৪ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮০ রাউন্ড গুলি ছোঁড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার এক বৌভাত অনুষ্ঠানে রাজ্জাক প্রধান গংদের সাথে বাবুল মেম্বারের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে রাজ্জাক প্রধানের নেতৃত্বে কাইল্লা, নুরু, কালু, বাবলু গংরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাঠিসোঁটা, সাবল নিয়ে বারেক বেপারী, আহাম্মদ হোসেন, জালাল বেপারী, দুলাল বেপারী, শহিদ, মোহাম্মদ হোসেন, আক্তার হোসেনের বসত ঘরে হামলা করে ভাঙচুর করে। খবর পেয়ে বাবুল মেম্বারের লোকজন পাল্টা আক্রমণ করলে জাহাঙ্গীর বেপারী, দুলাল বেপারী, শুক্কুর আলী, আক্তার হোসেন, আনোয়ার, মফিজুল ইসলামসহ ১৬ জন আহত হয়। আহতদের ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিত্সা প্রদান করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছে পুলিশের এসআই জসিম-১, এএসআই আফজাল, কনস্টেবল জহিরসহ ৪ জন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যার পর অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।
