দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্পাদন বাড়িয়েছে তাইওয়ান

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৩৫

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উত্পাদন বহুগুণে বাড়িয়েছে তাইওয়ান। সেই সঙ্গে আরো তিনটি নতুন মডেলের ক্ষেপণাস্ত্র তৈরির উন্নয়ন ঘটাতে যাচ্ছে তারা। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন, চীনের ক্রমবর্ধমান চাপের মুখে থাকায় তারা এ পথে যেতে বাধ্য হচ্ছেন। আলজাজিরা

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও চেং গতকাল সংসদে এক প্রশ্নোত্তর পর্বে বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতা অর্জনকে তারা গুরুত্ব সহকারে দেখছেন। তিনি বলেন, আমাদের এ লক্ষ্য অর্জনে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল চুং -শ্যান ইনস্টিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি গবেষণা কর্ম নিরলসভাবে চালিয়ে যাচ্ছে। এটা কখনো বন্ধ করার কথা আমরা ভাবতে পারি না। এ সময় ইনস্টিটিউটের উপপরিচালক লেং চিন সু বলেন, দূরপাল্লার ভূমি থেকে উেক্ষপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের উত্পাদন আমরা ইতিমধ্যে শুরু করেছি। এরসঙ্গে আরো তিনটি মডেলের উন্নয়ন সাধনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, এটি কতখানি দূরত্বে গিয়ে আঘাত করতে সক্ষম সে তথ্য আমরা এখন দিচ্ছি না। তবে এটুকু বলা যায় যে, আমরা এর উন্নয়ন ঘটাতে যাচ্ছি। তাইওয়ানের এই ইনস্টিউটের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, মূলত চীনের আগ্রাসি নীতির কারণে নিজেদের রক্ষায় তাইওয়ান এই পথে হাঁটছে। কেননা চীন বরাবরই তাইওয়ানকে তাদের নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে। পক্ষান্তরে স্বায়ত্তশাসিত তাইওয়ান নিজেদের রক্ষায় সবকিছু করার কথা সবসময় জানিয়ে আসছে। কেননা তাইওয়ান চীনের আধিপত্য কখনোই মানবে না বলে ঘোষণা দিয়ে আসছে।