ভুঞাপুরে ২ গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ 

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০০:২৮

টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ দুই গ্রা‌মের অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) উপজেলার নিকরাইল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ ‌মোহাম্মদ আব্দুল ওহাবসহ তিনজন‌কে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া বাকি আহত‌দের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

এঘটনায় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, পূর্ব শত্রুতার জের ধ‌রে বিকালে নিকরাইল বাজারে উপজেলার নলুয়া এলাকার ও পার্শ্ববর্তী কালিহাতি উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় দুই গ্রা‌মের লোকজন। প‌রে দফায় দফায় দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। খবর পেয়ে ভুঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় আমিসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুল না‌মের একজ‌নের অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে‌।

তিনি আ‌রও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআর