গাজীপুরে সেফ হোম থেকে হেফাজতি পালানোর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০০:৩৮

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ হেফাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ছায়েদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।

তদন্ত কমিটির প্রধান হলেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইসরাত। সদস্যরা হলেন—ঐ আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ফরিদা খানম, উপ-সচিব জগদিশ দেবনাথ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম ও গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ আক্তার। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার গভীর রাতে ঐ কেন্দ্রের তিনতলার জানালার গ্রিল ভেঙে ওড়না দিয়ে রশি বানিয়ে ১৪ জন হেফাজতি পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাত জনকে আটক করে। এ ঘটনায় ঐ কেন্দ্রের স্টোর কিপার আব্দুর রহমান মোল্লা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেছেন।