আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবম ওয়েজ বোর্ড নিয়ে কাজ চলছে। আলাপ আলোচনার মাধ্যমে শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড সমস্যার সমাধান করা হবে। গতকাল শনিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে, আরও আলোচনা হবে। এখানে একটু জটিলতা আছে। এজন্য সবার একটু সহযোগিতা ও ত্যাগ স্বীকার করতে হবে।’
বর্তমান সরকার ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।’
ভুঁইফোঁড় অনলাইন চিহ্নিত করা
হচ্ছে : তথ্যমন্ত্রী
ভুঁইফোঁড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ চলছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু কিছু ভুঁইফোঁড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলো চিহ্নিত করা হবে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেয়া হয়েছে।’
অনেক সময় নামসর্বস্ব পত্রিকার নামে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করতে দেখা যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো আমরা রিভাইস করব।’
