শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮২তম খোশরোজ শরীফ উপলক্ষে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরের নলীনিকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল শনিবার থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী ইসলামী ক্যালিগ্রাফি প্রদশর্নী শুরু হয়েছে। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ্জাদায়ে গাউছুল আ’যম সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন (মা.জি.আ.)।
উদ্বোধনকালে তিনি বলেন, ইসলামী বিধানে নির্মল নান্দনিকতা ও শিল্প সৌন্দর্যকে ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। শিল্পীর হাতের আঁচড়ে আরবি হরফকে বিশেষভাবে ফুটে তোলার নামই হচ্ছে ইসলামী ক্যালিগ্রাফি। ইসলামের নিপুণ নান্দনিকতা ও শিল্প সৌন্দর্য ক্যালিগ্রাফির মাধ্যমে উজ্জ্বলভাবে ফুটিয়ে ওঠে। আল্লাহর ওলীগণ ইসলামের নান্দনিক সৌন্দর্য সকলের নিকট গ্রহণযোগ্য করতে বুদ্ধিবৃত্তিক ও সার্থকভাবে তুলে ধরে আসছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্জুমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ওসমান আলী, ফাউন্ডেশনের পরিচালক মো. সাইফুল্লাহ সাফাসহ অতিথি ও শিল্পীবৃন্দ। সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত ক্যালিগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, ২ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
