বিনোদন রিপোর্ট
মডেলিং দিয়ে যাত্রা শুরু করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ। সেই ধারাবাহিকতায় নিয়মিত কাজ করেছেন টিভিসি, নাটক ও টেলিছবিতে। এছাড়া বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন তিনি। সবকিছু মিলিয়ে তিনি প্রতিনিয়ত এগিয়ে চলছেন। কিছুদিন আগে একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এবার নতুন কাজের খবরে এলেন তিনি। এবার নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন। এখানে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। নোভা বলেন, ‘ক্যারিয়ারে অনেকবারই মোশাররফ ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে নাটকে অভিনয় করেছি। তবে কখনোই বিজ্ঞাপনে কাজ করা হয়নি। সেই আক্ষেপটা এবার দূর হলো। আমরা প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছি।’
জানা গেছে, এই টিভিসিটি কনক্রিট মিক্সারের। শিগগিরই টিভি চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচারে আসবে এটি।
প্রসঙ্গত, নোভা অভিনীত প্রথম সিনেমার নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক। এ সিনেমায় নোভার সঙ্গে দেখা যাবে এ প্রজন্মের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদকে। ছবিটিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।
