নাম তার পরিমল সেন। বাড়ি সদর উপজেলার বকজুরী গ্রামে। আজ থেকে প্রায় ২৫ বছর আগে প্রতিমা বানানোর কাজে তার হাতেখড়ি। প্রথম প্রথম অন্য কাজের পাশাপাশি শখের বশে প্রতিমা তৈরি করতেন তিনি। এখন এটি তার পেশায় পরিণত হয়েছে। কথা হয় পরিমলের সাথে। তিনি জানান, এখন প্রতিমা তৈরি ছাড়া অন্য কাজ করতে তার ভালো লাগে না। তার সহযোগী শ্রীকৃষ্ণ কমল কান্ত জানান, তার গ্রামের বাড়ি গাইবান্ধায়। মানিকগঞ্জ শহরে পরিমল সেনের সাথে তিনি প্রতিমা তৈরি করে আসছেন প্রায় ৫ বছর ধরে। এখন তার এ কাজ করতেই ভাল লাগে। তিনি জানান, প্রতিটি প্রতিমা ৪শ’ থেকে ৭শ’ টাকায় বিক্রি হয়। এ বছর সরস্বতী পূজাকে কেন্দ্র করে সর্বমোট ৪০টির বেশি প্রতিমা তৈরি করেছেন তারা।
আসন্ন সরস্বতী পূজাকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় পরিমল সেন ও শ্রীকৃষ্ণ কমল কান্তের মতো কারিগরেরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তাদের দম ফেলারও যেন ফুরসত নেই। কয়েকদিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়।
