রাজশাহীতে সড়ক দুর্ঘটনা: ডিএনএ সংগ্রহের পর লাশ পেলেন স্বজনরা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:২৭

রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) বিকেল ৫ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে ডিএনএ নমুনা সংগ্রহের পর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে দুইটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রংপুরের পীরগঞ্জের উদ্দেশে রওনা হন স্বজনরা। 

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ছয়জনের মুখ অক্ষত থাকায় তাদের চেহারা দেখেই লাশ শনাক্ত করা গেছে। অন্য ১১ জনের লাশ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় তাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও আকৃতি দেখে স্বজনরা লাশ শনাক্ত করেন।

অন্যদিকে ১৭ যাত্রীর নিহতের ঘটনায় হানিফ বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার মাহিন্দ্র বাইপাস থেকে কাটাখালি থানা পুলিশ বাস চালককে গ্রেফতার করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএএম