সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত নেশার জন্য বিয়ারের সাথে স্পিরিট মিশিয়ে পান করে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় গতকাল পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
মামলা সুত্রে জানা যায়, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুল হকের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার ছেলে নাহিদ (২২) বন্ধু-বান্ধবসহ অন্যান্য অতিথিদের নিয়ে আনন্দ করার জন্য বিয়ার পানের আয়োজন করে। এসময় নাহিদের বন্ধুদের মধ্যে আকিব, আশিক, দ্বীন ইসলাম, আক্কাস এবং রাসেলসহ আরো কয়েকজন অতিরিক্ত নেশার জন্য আমিনুল হকের বাড়ির নিচতলার ভাড়াটিয়া হিরো কসমেটিকস কারখানায় রক্ষিত স্পিরিট সংগ্রহ করে। পরে বন্ধুরা মিলে ওই স্পিরিট বিয়ারের সাথে মিশিয়ে পান করে। এতে আকিব (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) এবং রাসেল (১৯) সহ কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় শুক্রবার আকিব এবং আশিক মারা যায়। এঘটনায় পুলিশ বাদি হয়ে হিরো কসমেটিকস এন্ড ক্যামিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল শনিবার পুলিশ ওই কসমেটিকস কারখানা থেকে ৪ লিটার স্পিরিট জব্দ করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ জানান, আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এসময় তিনি কোন পারিবারিক অনুষ্ঠানে এমন আয়োজন করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি পরামর্শ দেন। অন্যথায় ওইসব আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
