বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ভারতীয় বীর যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতী এলাকা পরিদর্শন করেছেন। গতকাল শনিবার ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভারতীয় দলটির সঙ্গে দুজন স্থানীয় মুক্তিযোদ্ধা সাক্ষাত্ করেন এবং পরবর্তী সময়ে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন। মেজর জেনারেল নারায়ণ শংকর নারির (অবসরপ্রাপ্ত) নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ছয় জন চাকরিরত ভারতীয় সেনা কর্মকর্তা (পাঁচ জন সস্ত্রীক) ছিলেন। সফরকারী দলটি বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আগমন করলে ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তাদের স্বাগত জানান। সফর শেষে প্রতিনিধি দলটি দুপুরে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
