স্কুলছাত্রীকে ধর্ষণ করল এক পুলিশ কনস্টেবলসহ তিন বখাটে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:১৯

নানা বাড়ি বেড়াতে এসে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,পুলিশের এক কনস্টেবলসহ তিন বখাটে তাকে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খোঁজাখুঁজির পর অজ্ঞান অবস্থায়  মেয়েটিকে পরিবারের লোকজন উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বখাটেদের ধাওয়া করে। কিন্তু বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায়। শিক্ষার্থী ও তার পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক লিটন মিয়া জানান, শুক্রবার বিকালে তারাবো হাটিপাড়া এলাকার ওই শিক্ষার্থী তার মায়ের সঙ্গে কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় তার নানা ওহাব মিয়ার বাড়ি বেড়াতে আসেন। রাতে বাড়ির সকল লোকজন পার্শ্ববর্তী ছাতিয়ান বেপারীপাড়া মসজিদের বাত্সরিক ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যান। এ সুযোগে একই এলাকার লতিফ মিয়ার ছেলে ও পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল (ছুটিরত) মৃদুল মিয়া (২৩), সোলায়মানের ছেলে নিজাম মিয়া (২৪), গোলবক্স মিয়ার ছেলে সিয়াম হোসেন (২২) ওই শিক্ষার্থীকে ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর বখাটেরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওয়াজ শেষ করে ঘরে ফিরে মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।  পরে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। শিক্ষার্থীর মা আকলিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটা অত্যন্ত ন্যক্কারজনক। বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কলেজে নবীনবরণ অনুষ্ঠান

গতকাল দুপুরে রূপগঞ্জের দীঘিবরাবো এলাকায় হাজী মোঃ এখলাছউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। পাশাপাশি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানও হয়েছে। সমাজসেবক, শিল্পপতি আলহাজ লায়ন মোজাম্মেল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সহধর্মিণী ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। আরো উপস্থিত ছিলেন মারুফ শারমীন স্মৃতি সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, মারুফ শারমীন মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক ফারহানা আফরোজ প্রমুখ।