প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা মেনে নেওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার নিজের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে ফখরুল বলেন, নির্বাচনের আগে তিনি যখন আমাদের সঙ্গে সংলাপ করেছেন, তখন তিনি যে কথাগুলো বলেছিলেন, সেগুলো কি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি। অর্থাত্ রাখেননি। তিনি বলেছিলেন, কোনো গ্রেফতার হবে না। নতুন কোনো মামলা হবে না। এর একটাও তারা রাখেননি। নির্বাচনের একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা ছিল তাও করেননি। একইভাবে আজ যে কথাগুলো তিনি বলছেন, তাও কথার কথা। এগুলো তিনি সবসময় বলেন। আমরা তো নির্বাচনের ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে নতুন করে শপথ নেওয়া বা সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছি। তার বক্তব্য শুনে আমার মনে হয়েছে তিনি একটা ‘গিলটি কনসেন্স’ থেকে বক্তব্য দিয়েছেন। কেন জানি না তার মনে হয়েছে, নির্বাচনটা ঠিক হয়নি, একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটি তিনি (প্রধানমন্ত্রী) দিয়েছেন।
তিনি বলেন, আমার কাছে মনে হয়, এই নির্বাচন বাংলাদেশের একটি বড় রকমের ক্ষতি করে দিয়েছে দীর্ঘস্থায়ীভাবে। এই নির্বাচনের ফলে মানুষের নির্বাচন কমিশনের ওপর থেকেও আস্থা চলে গেল। এই নির্বাচনের ফলে রাষ্ট্রের ওপর থেকেও আস্থা চলে যাচ্ছে এ জন্য যে রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন এজেন্সিকেও ব্যবহার করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এর আগেও বলেছি, যে উন্নয়নের কথা বলা হচ্ছে এটা পুরোপুরি একটা ধোকার উন্নয়ন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
