৩০ জানুয়ারির মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা এরশাদের

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:২২

জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিত্সা শেষে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের।

গতকাল শনিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, এরশাদ সুস্থ হয়ে উঠছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিত্সা শেষে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এরশাদ আমাদের মাঝে ফিরে এসে আবারও জাতীয় পার্টির হাল ধরবেন। আবারও নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারণ মানুষের জন্য।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গা।