শকুনের দোয়ায় গরু মরে না —রিজভী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:২৩

নিজেদের কোন্দলে বিএনপি ভেঙে যাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে চটেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ভেঙে চুপসে গেছে। আর শকুনের দোয়ায় গরু মরে না। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের প্রয়োজন নেই, বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দলের জন্যই ভাঙবে।

রিজভী বলেন, পুলিশি ক্ষমতা যখন থাকবে না, তখন  তো আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না। বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। বিএনপির ঐক্যে ফাটল ধরাতে না পেরে ওবায়দুল কাদেরের বুক জ্বলছে দাবি করে রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ।