চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে সাতজন নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে নরসিংদীতে। সদরের জেলখানার মোড় এলাকায় রবিবার সকাল ৭টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা।
সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে হেফাজতের কর্মীদের মিছিল চলছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
হরতালের ফলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সব আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। আরশিনগর-রায়পুরা আঞ্চলিক সড়কে গাছ দিয়ে ব্যারিকেড ও অগ্নিসংযোগ করেছে হেফাজতের কর্মীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের।
মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের উপস্থিতি দেখা গেছে। যদিও অবরোধের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি।
ইত্তেফাক/এমআর
