সিরাজগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: অগ্নিদগ্ধ হয়ে চালক নিহত 

আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৫:২৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে ট্রাকের চালক নিহত এবং আরও ১ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় ট্রাক দুটিতে থাকা মালামালসহ ট্রাক দুটি ভস্মীভূত হয়। দুর্ঘটনায় নিহত ট্রাক চালক মদন চৌহান (৩৫) বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের গোপাল চৌহানের ছেলে। আহত হয়েছেন ট্রাকের অপর এক আরোহী। 

রবিবার (২৮ মার্চ) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক এই এলাকায়  পৌঁছলে ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা নরসিংদী-বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাককে ধাক্কা দিলে দুটি ট্রাকের ইঞ্জিনেই আগুন ধরে যায়।  এক পর্যায়ে মুরগীর খাদ্য বোঝাই ট্রাকটির কেবিনে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা চালক মদন দগ্ধ হয়ে মারা যান।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অপর ট্রাকে থাকা অগ্নিদগ্ধ হয়ে আহত এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়। 
ইত্তেফাক/এমএএম