নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে শাহেনা আক্তার রেখা (৩৫) নামে এক পুত্রবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ইটবাড়িয়া গ্রামের মনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর থেকে হত্যার অভিযুক্ত শ্বশুর আবদুল মান্নান প্রকাশ মনা পলাতক রয়েছে।
খবর পেয়ে সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃধার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শাহেনা আক্তার রেখা তিন সন্তানের জননী। তার পিতার বাড়ি পার্শ্ববর্তী অর্জুনতলা ইউনিয়নের মাসিকপুর গ্রামে। স্বামী বাবুল কয়েত প্রবাসী।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে ইত্তেফাককে জানায়, পারিবারিক কলহের কারণে শাশুড়ি ও তার তিন সন্তানদের অনুপস্থিতিতে শ্বশুর আবদুল মান্নান মনা তার পুত্রবধূ শাহেনা আক্তার রেখাকে রান্না ঘরে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার সময় রেখার তিন সন্তান মাদ্রাসায় এবং শাশুড়ি পাশের পুরান বাড়িতে ছিলেন। ঘটনার পর থেকে শ্বশুর আবদুল মান্নান মনা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু রবিবার বিকাল ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও নিশ্চিত করেন তিনি।
ইত্তেফাক/এমএএম
