বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের সাক্ষাত্

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:১৪

বিশেষ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল গতকাল রবিবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এ বীর সেনানীদের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিনিধি দলের সদস্যগণ বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা ও উন্নয়নের প্রশংসা করেন এবং উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ এই বীর সেনানীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এর আগে গতকাল সকালে তারা ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পরে প্রতিনিধি দলটি সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শংকর নায়ারের নেতৃত্বে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ছয় জন চাকরিরত ভারতীয় সামরিক বাহিনীর সদস্য গত ২৫ মার্চ রাষ্ট্রীয় সফরে ঢাকায় আগমন করে। সফরকারী দলটি গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া তারা মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ছত্রীসেনা অবতরণস্থলসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরির্দশন করেন। সফর শেষে প্রতিনিধি দলটি আজ সোমবার ভারতে প্রত্যাবর্তন করবে।