স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার নমনীয় নয়, ধৈর্যের পরিচয় দিচ্ছে মাত্র। ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হরতালে জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার চেষ্টা করা হচ্ছে। হেফাজতের এসব সহিংসতায় জঙ্গি সংগঠন, জামায়াত এবং বিএনপির মদদ থাকতে পারে। এরা মানুষের ঘরবাড়ি, গ্রাম এরা (হেফাজত) পুড়িয়ে দিচ্ছে। ভিডিও বার্তার মাধ্যমে তারা উত্তেজনা ছড়িয়েছে। আমরা মনে করি এগুলো নাশকতা। এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সাংবাদিকদের মাধ্যমে আমরা জানাচ্ছি এগুলো থেকে বিরত থাকার জন্য। না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব। আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় দেখেছেন। প্রেস ক্লাবে পর্যন্ত আগুন লাগানো হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং আমাদের জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলো পর্যবেক্ষণ করছে। আমরা মনে করি, এই কাজ যদি বন্ধ না করে তাহলে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সহিংসতা করা হচ্ছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হরতাল দিয়ে ভাঙচুর করার অধিকার তাদের নেই। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুলিশের ফাঁড়ি আক্রান্ত করা হয়েছে।
