ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২৩:৫১

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায়  চাচা মিজানুর রহমানকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বখাটে নুর আলমকে বিকাল ৪টার দিকে আটক করেছে পুলিশ। নুর আলম ওই এলাকার ভোলা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের ভাতিজি ও স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন নুর আলম। বিষয়টি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে মিজানুর রহমান নুর আলমকে উত্যক্ত করতে বারণ করেন। এতে নুর আলম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় মিজানুর রহমান বাড়িতে ফেরার সময় নুর আলম ও তার সহযোগীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যান।

পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ২টার দিকে মৃত্যু হয় মিজানুরের।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় বখাটে নুর আলমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

ইত্তেফাক/এনএ