মসজিদে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৬:০১

সাতক্ষীরার তালায় মসজিদের ভিতরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মো: আব্দুল জলিল মোড়ল (৪০) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। আব্দুল জলিল তালা সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের হারুন অর রশিদ মোড়লের ছেলে। 
  
তালা থানার ওসি (তদন্ত) মো: আবুল কালাম আজাদ জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে জাতপুর-আলাদিপুর বাজার মসজিদের দ্বিতীয় তলায় সিলিং ফ্যানে আব্দুল জলিলের ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

নিহতের পিতা হারুন অর রশিদ জানান, তার ছেলে কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো সে। তবে তার ছেলের সাথে কারো কোন বিরোধ ছিল না বলে জানান তিনি। 


ইত্তেফাক/এসজেড