ভাতিজিকে উত্ত্যক্ত: চাচাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৬:৩৫

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রবিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে নিহতের বাবা আব্দুল জব্বার বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। রবিবার বিকেলে আটক নুর আলমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৯ মার্চ) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় মিজানুর রহমানের ভাতিজি ও স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন রেজওয়ান আলী (২৪) নামে এক যুবক। বিষয়টি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে মিজানুর রহমান তাকে উত্ত্যক্ত করতে বারণ করেন। এতে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় মিজানুর রহমান বাজার থেকে বাড়িতে ফেরার সময় রেজওয়ান ও তার সহযোগীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ২টার দিকে মিজানুর রহমানের মৃত্যু হয়।

এ ঘটনায় রবিবার রাত ২টার দিকে নিহতের বাবা আব্দুল জব্বার বাদি হয়ে রেজওয়ানকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় আটক নুর আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমএএম