শরীয়তপুরের গোসাইরহাটে গামছা দিয়ে মুখ বেঁধে কলা বাগানে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গত রবিবার (২৮ মার্চ) নির্যাতিতার মা বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মাদ্রাসা ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই শিক্ষার্থীকে বাড়িতে একা রেখে পাশের গ্রামে যান পরিবারের সদস্যরা। বিকেলে মেয়েটি বাড়ির পাশে ছাগল আনতে যাচ্ছিলো। এ সময় পাশের চুন্নু বেপারীর ছেলে কাউছার বেপারী মেয়েটির মুখ চেপে পাশের একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি সবাইকে জানায়।
গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা হবে।
ইত্তেফাক/এমআর
