মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের ফিরিয়ে দেয়ার আদেশ দিয়ে তা পরে প্রত্যাহার করে নিয়েছে ভারতের মনিপুর রাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব শরণার্থীদের ভদ্রভাবে ফেরত পাঠাতে কর্মকর্তাদের নির্দেশ দেয়। তবে ওই আদেশ ভুল ধারণা ছড়াচ্ছে জানিয়ে মঙ্গলবার (৩০ মার্চ) তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বিবিসি জানায়, মনিপুর ছাড়াও মিয়ানমারের কারেন রাজ্য থেকে তিন হাজারের বেশি কারেন শরণার্থী প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। থাই সেনারা তাদের সীমান্তের কাছেই আটকে রেখেছে। মনিপুর রাজ্যের গৃহমন্ত্রী দ্বিতীয় আদেশে বলেন, রাজ্য সরকার শরণার্থীদের জন্য ‘সব ধরনের মানবিক পদক্ষেপ’ গ্রহণ করবে এবং ‘তাদের সব ধরনের মানবিক সহায়তা’প্রদান করা হবে। যেসব শরণার্থী আহত অবস্থায় এসছেন তাদেরও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
প্রথম আদেশে বলা হয়েছিল, ‘গুরুতর আহত’অবস্থায় কেউ এলে তাকে চিকিৎসা সেবা দেয়া হবে। কিন্তু শরণার্থী ক্যাম্প নির্মাণ করে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে দেওয়া হবে না।
তখন রাজ্য সরকার থেকে কর্মকর্তাদের বলা হয়েছিলো, কোনো শরণার্থী যদি ভারতের জাতীয় পরিচয়পত্র (আধারকার্ড) বানানোর কোনো রকম চেষ্টা করে তবে সেই চেষ্টা অবশ্যই যেকোনো মূল্যে ভণ্ডুল করতে হবে। সীমান্ত পেরিয়ে প্রবেশ করাদের বা শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করা লোকজনকে অবশ্যই বিনীতভাবে ফেরত পাঠানো হবে।
ইত্তেফাক/এসএ
