ফার্মেসি নাকি ফার্মেসী?

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:২৩

বেশিরভাগ ওষুধের দোকানের সাইনবোর্ডে, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি ফার্মেসি শিক্ষা ও পেশার নিয়ন্ত্রক সংস্থা  ‘বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল’-এ ফার্মেসি বানান ‘ফার্মেসী’ দেখা যায়। কোনটা ঠিক বানান আর কোনটা ভুল বানান সেটা নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে থাকি। কারণ অনেক বানান সেই কবে থেকে পড়ে আসছি বা দেখে আসছি একরকম—কিন্তু এখন জানছি ভিন্ন। প্রমিত বাংলা বানান রীতি প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বানানে শৃঙ্খলা আনা এবং শুদ্ধরীতি বজায় রাখার জন্য ১৯৯৪ সালে বাংলা একাডেমি বানান অভিধান প্রণয়ন করে। পরবর্তী সময়ে পরিমার্জিত সংস্করণ প্রকাশ করা হয়। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী, ঈ, ঊ, ণ এবং ষ বিদেশি শব্দে প্রয়োগ হয় না। ‘ফার্মেসি’ বিদেশি শব্দ। তাই এই শব্দের বানান ‘ফার্মেসী’ হবে না— ‘ফার্মেসি’ হবে।  ভাষার সম্মান রক্ষায় আমাদের সবার উচিত শুদ্ধ বানান ও উচ্চারণ চর্চা করা।

মো. আরিফুল ইসলাম

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়