কিশোরগঞ্জ প্রতিনিধি
পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে লাইনম্যান শফিকুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড়সংলগ্ন খিলপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে। শফিকুল ইসলাম নান্দাইল পল্লী বিদ্যুত্ সমিতির অধীনে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার ব্রিগেডের লোকজন ঝুলন্ত অবস্থায় তার লাশ এবং তার সহযোগী লালনকে জীবিত উদ্ধার করে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, নিহতের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
