বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগের বিরুদ্ধে মাত্র চার সেশনেই জিতে গেছে রাজশাহী বিভাগ। বিকেএসপিতে গতকাল ম্যাচের দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই ইনিংস ও ৯ রানে জয় পায় রাজশাহী।
ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন রাজশাহীর স্পিনাররা। সানজামুল ইসলাম, তাইজুল ইসলামের ঘূর্ণিতে বরিশাল দুই ইনিংসে ৮২, ৬০ রানে অলআউট হয়। রাজশাহী প্রথম ইনিংসে করেছিলেন ১৫১ রান। দুই ইনিংসে ৮ উইকেটের সঙ্গে ৩৭ রান করা তাইজুল ম্যাচ সেরা হন। তবে ৩৩ রানে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন সানজামুল। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ বা তারও বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে এটিই সবচেয়ে কম রান খরচের রেকর্ড। দুই মৌসুম আগে সিলেটের বাঁহাতি পেসার রুয়েল মিয়া চট্টগ্রামের বিপক্ষে ৬৫ রানে ১৩ উইকেট নিয়ে রেকর্ডটার মালিক ছিলেন।
দুই ইনিংস মিলে বরিশালের করা ১৪২ রানও বাংলাদেশের ইতিহাসে দলগত সর্বনিম্ন। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিসিবি একাডেমি দুই ইনিংসে ১৬৭ রান করেছিল। এনসিএলে ২০১১ সালে রাজশাহীর বিরুদ্ধে চট্টগ্রামের ১৮০ রানই সবচেয়ে কম রান ছিল। অতীত ছাড়িয়ে রেকর্ডে নাম লেখাল বরিশাল। পিনাক ঘোষের সেঞ্চুরিতে কক্সবাজারে ঢাকা মেট্রোর বিপক্ষে ৮ উইকেটে ৪০২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে চট্টগ্রাম। গতকাল দিন শেষে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। কক্সবাজারের অপর মাঠে প্রথম স্তরের ম্যাচে ঢাকার বিপক্ষে করোনার ধাক্কায় লন্ডভন্ড সিলেট বিভাগ জাকির হাসানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭০ রান করেছিল। সিলেটের ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। গতকাল ঢাকা বিভাগ ৬ উইকেটে ২৩৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে।
রংপুরে তুষার ইমরানের ৩২তম সেঞ্চুরিতে খুলনা প্রথম ইনিংসে ২২১ রান করেছিল। জবাবে স্বাগতিকরা প্রথম ইনিংসে তুলেছে ৩৬৪ রান। গতকাল দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪ রান তুলে দিনের খেলা শেষ করেছে খুলনা। এখনো ১৩৯ রানে পিছিয়ে আছে দলটি।
