জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছে বেসরকারি প্রাণি উদ্ধারকারী সংস্থা রবিনহুড। গত মঙ্গলবার রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের পার্শ্ববর্তী একটি ভবনের বাসিন্দা ইমন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন।
বুধবার (৩১ মার্চ) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ইমন নামে একজন ফোন করে জানান- ফ্লাইওভারের ওপরের অংশ ও পিলারের মাঝামাঝি ফাঁকা জায়গায় একটি বিড়াল গত প্রায় ৫/৬ দিন যাবৎ এমনভাবে আটকে আছে সেটি না পারছিল ওপরে উঠতে না পারছিল নিচে নামতে। প্রতিদিন বিড়ালটি নানাভাবে চেষ্টা করে ফাঁদ থেকে বের হতে কিন্তু পারছিল না। এই কয়েকদিন বিড়ালটি অভুক্ত ছিল জানিয়ে ফোন করা ব্যক্তি বিড়ালটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ বিষয়টি বেসরকারি প্রাণি উদ্ধারকারী সংস্থা রবিনহুডকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে রবিনহুডের উদ্ধারকারী দল দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা প্রায় আড়াইঘণ্টা প্রচেষ্টার পর চল্লিশ ফিট উঁচু থেকে নিরাপদে বিড়ালটিকে উদ্ধার করে নিচে নামিয়ে আনতে সমর্থ হয়।
ইত্তেফাক/এমএএম
