পুড়িতেছে স্বর্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরের সঙ্গে ‘প্যারাডাইস’ শহরটিও যেন আক্ষরিক অর্থে নরকের চেহারা লাভ করিয়াছে। পুড়িয়া খাক সমস্ত গাছপালা, পোড়া বাড়িঘর-গাড়ি। যেন আকাশ হইতে জ্বলন্ত লাভা নামিয়া আসিয়াছে স্বর্গের বাগানে। রক্তিম আকাশ, বাতাসে দমবন্ধ করা পোড়া গন্ধ। প্রায় দশ হাজার বাড়িঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হইয়াছে। আগুনে ধ্বংস হইয়াছে এক লক্ষ ৪১ হাজার একর ভূমি। ভয়াবহ দাবানল কী জিনিস—অতীতে অনেকবার তাহার সাক্ষী থাকিয়াছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এই বত্সর আগস্টে যেই বিধ্বংসী আগুনে পুড়িয়াছিল ক্যালিফোর্নিয়া, তাহাকে বলা হইতেছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল। অতঃপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পুরাতন হইয়া গেল আগস্টের ভয়াবহতা। গত শুক্রবার সন্ধ্যা অবধি ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা ৬৬ এবং নিখোঁজ ৬৩১ জন। দাবানলে এত বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে নিকট অতীতে কখনো ঘটে নাই। লস অ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে ১৯৩৩ সালে ভয়াবহ দাবানলে নিহত হইয়াছিলেন ২৯ জন।
অপূর্ব সুন্দর ও কেতাদুরস্ত বাড়িঘরের জন্য ক্যালিফোর্নিয়ার নাম সারা বিশ্বে পরিচিত। গত ৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে আচমকাই দাবানল ছড়াইয়া পড়ে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় বিউট কাউন্টিতে। তাহার পর সময় যত বাড়িয়াছে ততই আমেরিকার তৃতীয় বৃহত্তম এই অঙ্গরাজ্যের দুই প্রান্তে হু হু করিয়া ছড়াইতেছে সর্বগ্রাসী দাবানল। ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরো প্রতিকূল হইয়া উঠিয়াছে। এমন বিধ্বংসী আগুনের প্রতিক্রিয়া হিসাবে বিশেষজ্ঞরা গরম, শুষ্ক বাতাসের সম্ভাবনার আভাস দিয়াছেন। তবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বিতর্কের সৃষ্টি করে। রক্ষণাবেক্ষণের অভাবের জন্যই গোটা প্রদেশের এই অবস্থা বলিয়া ক্ষোভ জানাইয়াছেন ট্রাম্প। বন বিভাগকে সরকারি অনুদান বন্ধ করিয়া দেওয়ারও হুমকি দিয়াছিলেন তিনি, যাহাতে মনঃক্ষুণ্ন হইয়াছেন অনেকে। দাবানল নিয়ন্ত্রণে আনিতে রাজ্যব্যাপী প্রায় দশ সহস্রাধিক অগ্নিনির্বাপক কর্মী কাজ করিতেছেন। কিন্তু দমকা হাওয়ার কারণে আগ্রাসী আগুনের মাত্র ৪০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হইয়াছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনী জীবন বাজি রাখিয়া কাজ করিতেছেন যুদ্ধকালীন তত্পরতায়।
সাত সমুদ্র তেরো নদী পাড়ের একটি সমৃদ্ধ রাজ্যের বিভিন্ন শহরের ধ্বংসের ছবি দেখিলে মনে হইতে পারে, তাহা যেন কম্পিউটারে স্পেশাল এফেক্টের মাধ্যমে তৈরি হলিউডের কোনো ভয়ঙ্কর সিনেমার দৃশ্য। যেইখানে এই দাবানল বিধ্বংসী আকারে ছড়াইয়া পড়িতেছে, তাহার সন্নিকটেই হলিউড। ধ্বংসের ভয়াবহতা কখনো কখনো অবাস্তব চিত্রকল্পকেও হার মানায়। কিন্তু এই ধ্বংস কেবল অবকাঠামোর নহে, মৃত্যু ঘটিয়াছে অসংখ্য মানুষের, নিখোঁজ রহিয়াছেন আরো দশগুণ মানুষ। ‘সবার উপরে মানুষ সত্য’—মানুষের মৃত্যুর সমান ক্ষতি আর কিছুতে নাই।
ক্যালিফোর্নিয়ার দাবানলে নিহতদের আত্মার শান্তি কামনা করিতেছি। সমবেদনা রহিল দুর্যোগকবলিত সকলের জন্য।
