কুমিল্লায় গাঁজাসহ কারারক্ষী গ্রেফতার, সাময়িক বরখাস্ত 

আপডেট : ৩১ মার্চ ২০২১, ২০:৪৭

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রোমান ভূঁইয়াকে গাঁজা ও সাতটি মোবাইলসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) ভোরে দায়িত্ব পালনের জন্য কারাগারের ভেতরে প্রবেশের সময় সন্দেহ হলে তাকে আটক করে কারা কর্তৃপক্ষ। সন্ধ্যায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। 

এদিকে ওই কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারারক্ষী রোমান ভূঁইয়া চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহ জাহান ভূঁইয়ার ছেলে। 

মামলার অভিযোগ ও কারা সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৫৮ মিনিটে শিফট পরিবর্তনের সময় ডিউটি করতে আসেন কারারক্ষী রোমান ভূঁইয়া। এসময় তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় কারাগারের ভেতরে প্রবেশের সময় তার দেহ তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের ভেতরে বিশেষ ব্যবস্থায় পায়ের সঙ্গে লাগানো দুটি মোবাইল ফোন পাওয়া যায়। এসময় বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করার পর তাকে আটক করা হয়। এরপর রোমানকে নিয়ে তার কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে চার প্যাকেট গাঁজা, আরও পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। 

রাত সোয়া ৭টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ বলেন, এ ঘটনায় সন্ধ্যায় কারারক্ষী রোমান ভূঁইয়ার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, সন্ধ্যায় কারারক্ষী রোমান ভূঁইয়াকে থানায় হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে। 
ইত্তেফাক/এমএএম