হেফাজতকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ ডা. জাফরুল্লাহর

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০০:৩৮

‘হেফাজতে ইসলাম বাংলাদেশকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ’ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।   

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড আলাউদ্দিন আহমেদের স্মরণে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভায় এ কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী, হেফাজতে ইসলাম বাড়িঘর ভাঙচুর, গাড়ি ভাংচুর করেছে। এটি কোনোভাবেই সমর্থন করি না। হেফাজত আন্দোলনের নামে যা করেছে তা সমর্থন করি না। আমি বারবার বলি সংযত হোন।

জাফরুল্লাহ বলেন, আমাদের দুঃখের দিন শেষ করতে হবে। নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকে গড়তে হবে। আজ প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচার চলছে। সবাইকে মনে রাখতে হবে, অন্যের দয়ার ওপর রাষ্ট্র গড়বে না। আমাদের সাহস নিয়ে আসতে হবে।

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, কমরেড আলাউদ্দিন আহমেদ বড় ছেলে কামরুল হাসান রঞ্জু, ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

ইত্তেফাক/এনএ