প্রথমার্ধে আধিপত্য করেও গোল পেলো না ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানি। উল্টো হজম করলো। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি তাদের। বিশ্বকাপ বাছাইয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম হারের তেতো স্বাদ দিয়েছে নর্থ মেসিডোনিয়া।
২০২২ কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছে ইওয়াখিম লুভের দল। আগের দুই ম্যাচে আইসল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে জিতেছিল সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী জার্মানি।
রোমানিয়ার বিপক্ষে হেরে বাছাই শুরু করা নর্থ মেসিডোনিয়া পেল টানা দ্বিতীয় জয়। লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে সুযোগ কাজে লাগাতে পারেনি জার্মানি। নবম মিনিটে বক্সের বাইরে থেকে লেয়ন গোরেটস্কার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধা পায় ক্রসবারে।
বিরতির ঠিক আগে এগিয়ে যায় নর্থ মেসিডোনিয়া। আলিওস্কির ক্রস প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে আড়াআড়ি ক্রস বাড়ান বার্ধি আর ছোট বক্সের ভেতর থেকে গোরান পানদেভ সহজ টোকায় জাল খুঁজে নেন। চলতি বাছাইয়ে এই প্রথম গোল হজম করল জার্মানি।
৬৩তম মিনিটে স্পট কিক থেকে স্বাগতিক শিবিরে সমতার স্বস্তি এনে দেন ইলকাই গিনদোয়ান। ডি-বক্সে সানে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৮৫ মিনিটে ফের গোল হজম করে বসে জার্মানি। দুর্বল কর্নারও বিপদমুক্ত করতে পারেননি ডিফেন্ডাররা। সুযোগে বলের নিয়ন্ত্রণ নিয়ে আদেমি পাস বাড়ান এলজিফ এলমাসকে। ডি-বক্সের মাঝখানে ফাঁকায় থাকা এই মিডফিল্ডার জোরালো শটে লক্ষ্যভেদ করেন। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে নর্থ মেসিডোনিয়া।
ইত্তেফাক/টিআর
