প্রতিপক্ষ

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:৪১

যে কবিতা লিখতে চাই আজ—

আকাশে আকাশে সেই শব্দগুলি দ্রুত পলায়নপর;

দেখি— ভরা বর্ষায় কালোমেঘ হয়ে ভাসে দূরে ভিনপথে

অঝোর ধারায় অকস্মাত্ বৃষ্টি হয়ে ঝরে দূর্বাঘাসে!

— আমি চাই প্রতিটি শব্দ থেকে জন্ম নিক রোদের বর্ণালি

বহ্নিমান নক্ষত্রের আলো!

 

যে কবিতা লিখতে চাই আজ—

সেই প্রিয় শব্দগুলি অভিধানে মুখ গুঁজে আছে;

দেখি— শব্দের প্রকৃত অর্থ বদলে নিয়ে শব্দগুলি ডিগবাজি খায়!

— আমি চাই ব্যবহূত শব্দগুলি প্রান্তরের ভাষা হয়ে 

 উচ্চারিত হোক সবখানে!

 

যে কবিতা লিখতে চাই আজ—

পরিচিত সেই শব্দ ভিন্ন হাওয়ায় দোল খায় আমার সম্মুখে;

কিছু শব্দ ভুল পথে কী দিব্যি পালিয়ে বেড়ায়

সমাজ-সংস্কৃতির মুখে দুস্থ ছায়া ফেলে মুখ ভার হয়ে থাকে!

— আমি চাই লোকগান, জারি সারি, মহুয়া-মলুয়া পালা

নিত্যদিন বাতাসের কানে কানে উচ্চারিত হোক!

 

আমার শব্দাবলি আমার বিরুদ্ধে মুখর

আমার শব্দাবলি আমার তফাতে গিয়ে ভিন সুরে বাজে

আমার শব্দাবলি আমার কি প্রতিপক্ষ আজ?