পথের নিকট
বিনয়ে জানতে চাইলাম
প্রকৃত দূরত্ব কাকে বলে?
পথ বেঁকে গিয়ে গড়িয়ে পড়লো অরণ্যের বুকে।
ঐ দূরের
সুতো হওয়া নদীকে বললাম
দূরত্ব কাকে বলে জানো?
জলঘোলা চোখে
তাকিয়ে নদীটি
প্রস্থান করলো একটি চরের বুকে।
দু’বাড়ির মাঝ বরাবর
প্রাচীরকে
দূরত্বের বিষয়ে জানতে চাইলে
গার্হস্থ্যবিদ্যার কথা বলে চুপ হয়ে দাঁড়িয়ে রইলো।
দীপ্ত কণ্ঠে বললো বিচ্ছেদ
নিমগ্নতা নিয়ে পাঠ করো
অভিমান;
তাহলেই দূরত্বের পরিচয় জানতে পারবে।
