গুদামঘরে তর্ক করে
উইপোকা আর ইন্দুরে—
পুরান ঢাকার কেল্লা থেকে
বাড্ডা নাকি চীন দূরে?
উইপোকা কয়, দুটোই কাছে
উনিশ-বিশের ফারাক রে,
শুনেই ইঁদুর বলল রেগে
উইপোকাটার ঘাড় আঁকড়ে—
তোরা হলি জন্মকানা
কোনটা প্যারিস, কোনটা ঘানা
ম্যাপ খুঁজে কি দেখতে পারিস?
গ্লোবের সামনে দাঁড়াস রে?
কাইজ্জা খালি বাড়াস রে!
দ্বিগুণ তেজে জবাব সাজায়
ইঁদুরকে কয় উইপোকা,
চক্ষু থেকেও লাভ হলো কী?
রয়েই গেলি তুই বোকা।
চর্মচক্ষু নাই আমাদের
জ্ঞানের চোখের মাঠ খোলা
বই কেটে খাই বাংলাবাজার
শাহবাগ আর হাটখোলা।
বইয়ের পাতা পরিষ্কারে
আমার সমান ধরিস কারে?
বইমেলাতে যাস কখনও
লাইন ধরেছিস ওই গেটে?
পাঠক সাজিস বই কেটে!
