দেশ জুড়েই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। গতকালই শেষ হয়েছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ড কবে শুরু হবে, তা পরে জানাবে বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বিরতিটা লম্বা করছি। তৃতীয় রাউন্ড কবে শুরু হবে তা পরে সিদ্ধান্ত হবে।’ ৫ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ড।
এদিকে গতকাল দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে রংপুর বিভাগ। প্রথম স্তরের ম্যাচে রংপুর ক্রিকেট গার্ডেনে গতকাল খুলনা বিভাগের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ১১৭ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিনই বিনা উইকেটে ১৬ রান তুলেছিল দলটি। গতকাল ম্যাচের শেষ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১০১ রান। ৩ উইকেটে ১২০ রান তুলে ম্যাচ জিতে নেয় রংপুর। জাহিদ জাভেদ ৩৭, তানভির হায়দার ১০, নাসির হোসেন অপরাজিত ৪৮, সোহরাওয়ার্দী শুভ অপরাজিত ১৮ রান করেন। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে রংপুরের জয়ে বড় অবদান রাখা পেসার মুকিদুল ইসলাম ম্যাচ সেরার পুরস্কার পান। কক্সবাজারে প্রথম স্তরে ঢাকা-সিলেট বিভাগের ম্যাচটি ড্র হয়েছে। গতকাল দ্বিতীয় ইনিংসে সিলেট ২১৯ রানে অলআউট হয়েছিল। জয়ের জন্য ঢাকার টার্গেট দাঁড়ায় ৩১০ রান। তারা ৫ উইকেটে ১৪৭ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দুই দল। সাইফ হাসান ৬৪, অঙ্কন ২৬, শুভাগত হোম অপরাজিত ২০ রান করেন।
দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো-চট্টগ্রাম বিভাগের ম্যাচটিও ড্র হয়। গতকাল কক্সবাজারে ৬ উইকেটে ২৩৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। সাদিকুর ৪৭, মাহমুদুল হাসান জয় ৭৮, ইয়াসির আলী ৩৯, শাহাদাত দিপু অপরাজিত ২৮ রান করেন। ম্যাচ জিততে ৩৭০ রানের বড় টার্গেট পায় ঢাকা মেট্রো। তারা ২ উইকেটে ১৪৮ রান তোলার পর দুই দল ম্যাচ ড্র মেনে নেয়। আজমির ৪৭, জাহিদুজ্জামান অপরাজিত ৬১, শামসুর ২৩ রান করেন।
