চট্টগ্রামের লোহাগাড়ায় বেড়া কেটে ঘরে প্রবেশ করে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টায় গণপিটুনিতে সৈয়দ নূর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো মাঠসংলগ্ন বাগানপাড়া এলাকায় গণপিটুনির ঘটনাটি ঘটে।
নিহত সৈয়দ নূর লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের নূর মুহাম্মদ সিকদারপাড়ার মো. ইসলাম প্রকাশ লালু মিয়ার পুত্র। জানা যায়, সৈয়দ নূর মানসিক ভারসাম্যহীন। সে বাড়িতে থাকে না।
এ ব্যাপারে উপজেলার চুনতি ডাকবাংলো বাগানপাড়া এলাকার ঐ গৃহবধূ সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো তার দুই ছেলেকে নিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। ঘরে তার স্বামী ছিল না। হঠাত্ গভীর রাতে বসতঘরের বেড়া কেটে সৈয়দ নূর প্রবেশ করে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তাদের চিত্কারে এলাকার লোকজন এগিয়ে এসে সৈয়দ নূরকে গণপিটুনি দেয়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাফিকুল ইসলাম জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সৈয়দ নূর বুধবার রাতের বেলায় উক্ত মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলার শোরচিত্কারে এলাকার লোকজন এসে সৈয়দ নূরকে পিটুনি দিলে সে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন সকালে সে মারা যায়।
