সুনামগঞ্জে হিন্দু গ্রামে হামলায় সেই ঝুমন দাসের মায়ের মামলা

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২২:৩২

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে মামলা দায়ের করেছেন ঝুমন দাস আপনের মা নিভা রানী দাস। মামলায় ৭২ জনের নাম উল্লেখসহ মোট ২ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দিয়েছে আদালত।

নিভা রানী দাস মামলায় উল্লেখ করেছেন, হামলাকারীরা ঘরে ঢুকে তার পুত্রবধূর শ্লীলতাহানিরও চেষ্টা করে। মামলায় তিনি নাচনি, চন্ডিপুর, ধনপুর ও কাশিপুরসহ কয়েকটি গ্রামের মোট ২ হাজার জনকে আসামি করে।

গত ১৬ মার্চ নিভা রানী দাসের ছেলে ঝুমন দাস আপন মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে দিরাই ও শাল্লার কয়েকটি গ্রামের মানুষ দারাইন বাজারে সশস্ত্র বিক্ষোভ করে। এ ঘটনায় গ্রামবাসী ঝুমনকে পুলিশে সোপর্দ করেন।

পরদিন কয়েকটি গ্রামের মানুষ সংঘবদ্ধ হয়ে নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট করে। ঐদিন তারা গ্রামে ৮৮টি ঘরে লুটপাট ও ভাঙচুর চালায়।

মামলার বাদী নিভা রানী দাস উল্লেখ করেন, গত ২৫ মার্চ এই মামলাটি তিনি শাল্লা থানায় দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ মামলাটি না নেওয়ায় বৃহস্পতিবার আদালতে মামলাটি দাখিল করেন। আদালতের কাছে তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। একই সঙ্গে তার ছেলেরও মুক্তি দাবি করেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট দেবাংশ শেখর দাস বলেন, শাল্লা থানার পুলিশ মামলাটি না নেওয়ায় আমরা আদালতে দাখিল করেছি। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি ডিবির ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।