পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৩

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন মোটরসাইকেল আরোহী। শুক্রবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগরের মাথিউড়া চা-বাগান এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুজন কর্মকার মারা যান। অপর আহত দুই আরোহীকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিত্সক রাজন রায়কে মৃত ঘোষণা করেন। হতাহতদের বাড়ি রাজনগর উপজেলায়। রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল হাসেম জানান, ঘটনার পর চালক জনি মিয়াসহ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

জয়পুরহাট প্রতিনিধি জানান, শ্যালকের বিয়েবাড়ি যাওয়া হলো না ব্যাংক কর্মকর্তা আব্দুস সালামের। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট সদরের তেতুলতলী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সালামের মৃত্যু হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, নিহত আব্দুস সালাম জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার সোনালী ব্যাংক বদলগাছী শাখার ম্যানেজার ছিলেন। আব্দুস সালাম মোটরসাইকেলে তার ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে বদলগাছির মথুরাপুর গ্রামে রওনা হন। জয়পুরহাট সদরের তেতুলতলীতে ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। সিয়ামকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে বলে জানান ওসি।